অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে বলে আশা করছি-মির্জা ফখরুল

অনলা্ইন : মবার (৭ জুলাই) সকাল দশটার দিকে সিলেটে হজরত শাহজালাল র: ও শাহপরান মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।’
সোমবার (৭ জুলাই) সকাল দশটার দিকে সিলেটে হজরত শাহজালাল র: ও শাহপরান মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নয়া দিগন্তকে জানান, বিএনপি মহাসচিব দুপুরে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেবেন।
পরে বিকেল ২টার দিকে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হবে এক বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাতে শহীদ হওয়া সিলেট জেলার বীর সন্তানদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
কাইয়ুম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে যে তরুণরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কোনো দিন ভুলবে না। তাদের পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন।’
বিএনপি মহাসচিবের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।