Breaking News :

ভাঙ্গুড়ায় ইট সরবরাহের নামে ৭ লাখ ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ইট সরবরাহের কথা বলে ৭ লাখ ২৫ হাজার টাকা নেওয়ার পর ইট না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া থানার অষ্টমনিষা এলাকায় মেসার্স পদ্মা এন্টারপ্রাইজ (পি.বি.ই ব্রিকস) নামে একটি ইটভাটা রয়েছে। গত ২৬ অক্টোবর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে ওই ইটভাটার অফিস কক্ষে অভিযোগকারীকে ইট ক্রয়ের জন্য আসামিরা অগ্রিম ১ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরে ইট ক্রয়ের জন্য মোট ৭ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় টাকা গ্রহণের প্রমাণ হিসেবে একটি মানি রশিদও দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ইট কেনার সময় আসামিদের সঙ্গে মৌখিকভাবে চুক্তি হয়—অভিযোগকারী যখন ইট নিতে চাইবেন, তখন তাকে তার ক্রয়কৃত ইট বুঝিয়ে দিতে হবে। কিন্তু পরবর্তীতে ইটভাটায় গিয়ে ইট বুঝিয়ে দেওয়ার কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন আসামিরা। একপর্যায়ে ইট না পেয়ে অভিযোগকারী তার দেওয়া ৭ লাখ ২৫ হাজার টাকা ফেরত চান। তখন আসামিরা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে ভাঙ্গুড়া থানাধীন বকুলতলা মোড়ে আসামিদের কাছে গিয়ে ইট অথবা টাকা ফেরত চাইলে তারা কোনো ইট বা টাকা ফেরত না দিয়ে এককালীন অস্বীকার করেন।
এ ঘটনায় সাক্ষী হিসেবে মো. আবু মুসা ও মো. শরিফুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারীর ভাষ্য, আসামিরা পরস্পর যোগসাজশে তার কাছ থেকে ইট ক্রয়ের মূল্য বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা অগ্রিমসহ মোট ৭ লাখ ২৫ হাজার টাকা গ্রহণ করে চুক্তি অনুযায়ী ইট সরবরাহ না করে এবং পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।
বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গুড়া থানার পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com