পাবনা প্রতিনিধিঃ
রাজশাহী মহানগর এলাকার চন্দ্রিমা থেকে অপহৃত সেই নারী চিকিৎসক শাকিরা তাসনিম দোলাকে পাবনা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করে পাবনা র্যাবের একটি দল।
র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী মহানগরের চন্দ্রিমা এলাকার বাসা থেকে ওই নারী চিকিৎসকের বাবা ফজরের নামাজে বের হলে বাসার প্রধান গেট থেকে তাকে জিম্মি করে বাসায় ঢোকে অপহরণকারীরা। এ সময় অপহৃত চিকিৎসকের মা বাধা দিলে দেয়ালে মাথা ঠুকে ও তালার আঘাতে তাকে আহত করে। বাসায় প্রবেশের পর ওই নারী চিকিৎসককে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
একই সঙ্গে ওই গাড়িতে ওই চিকিৎসকের বাবাকেও তুলে নিয়ে যায়। পরে তারা সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকার রাস্তায় চিকিৎসকের বাবাকে ফেলে চলে যায়। এরপর সোমবার (৩০ ডিসেম্বর) রাতে চিকিৎসকের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা করেন।
অপহরণের শিকার চিকিৎসক শাকিরা তাসনিম দোলা রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে সম্প্রতি ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) শেষ করেছেন। তার বাবা পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod